চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন খাতে টেকসই প্রকল্প উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রজেক্ট ডেভেলপমেন্ট বুটক্যাম্প-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুটক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমি-র ‘ফ্লোয়িং ফরওয়ার্ড প্রোগ্রাম বাংলাদেশ’-এর আওতায় ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এটি বাংলাদেশ-নেদারল্যান্ডস অংশীদারত্বের একটি উদ্যোগ, যা পার্টনার্স ফর ওয়াটার এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
চট্টগ্রাম ওয়াসার ২০ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করছেন। বুটক্যাম্পে প্রকল্প মূল্যায়ন, ঝুঁকি বণ্টন, অর্থায়ন কাঠামো, কর্মদক্ষতা নির্ধারণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যকর বাস্তবায়ন বিষয়ে ব্যবহারিক অনুশীলন, দরকষাকষি ও আলোচনা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী বক্তব্যে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, চট্টগ্রামের দ্রুত নগরায়ণের কারণে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সেবার চাহিদা ক্রমাগত বাড়ছে।
এ চাহিদা পূরণে শুধু কারিগরি সমাধান নয়, আর্থিকভাবে টেকসই ও সুপরিকল্পিত প্রকল্পও প্রয়োজন। তিনি বলেন, পিপিপি সব প্রকল্পের জন্য স্বয়ংক্রিয় সমাধান নয়। সফলতার জন্য প্রয়োজন যথাযথ প্রকল্প মূল্যায়ন, সুষম ঝুঁকি বণ্টন এবং সরকারি ও বেসরকারি অংশীদারদের কার্যকর সহযোগিতা। তিনি আরও বলেন, অংশগ্রহণকারীরা যেন প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং অর্জিত জ্ঞান ভবিষ্যৎ প্রকল্পে প্রয়োগ করেন।
বুটক্যাম্প পরিচালনা করছেন নেদারল্যান্ডসের ডেলফ্লুয়েন্ট সার্ভিসেস-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক বরিস নিফইয়েস এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন এ কর্মসূচির ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

















