ঝালকাঠিতে যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মেরিন সুলতানা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, যানজট ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সংবাদকর্মীদের মতামত ও পরামর্শ শোনেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মতবিনিময়ে সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন এবং জনসাধারণের ভোগান্তি কমাতে পুলিশের কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান। পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি। উল্লেখ্য, গত ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে মেরিন সুলতানা ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে পদায়ন পান।
তিনি ২০ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন এবং ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।
















