রাজশাহীর পুঠিয়ায় চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কাউন্সিল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর দোকান থেকে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান-সংশ্লিষ্টরা বলেন, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ভেজাল উপাদান মিশিয়ে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। খাদ্যে ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।


















