যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিলে নেছার উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোরে ঘটা এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহত নেছার উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলাটগঞ্জ এলাকার বাসিন্দা। আহতরা হলেন- একই এলাকার তাপস মজুমদারের ছেলে অনিক (২৩) ও জিয়া (৫৫)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তাদের ঢাকায় রেফার্ড করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) ভোরে মিনি পিকআপটি কুমিল্লা থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল।
পথে হামিদপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি পিকআপের কেবিন দুমড়েমুচড়ে গিয়ে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাদের ভর্তি করে পুরুষ সার্জারি ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নেছার উদ্দিন মারা যান।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে নেছারের মৃত্যু হয়। আহত অনিক ও জিয়ার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহত নেছারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।















