দীর্ঘদিন ধরেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে আলোচনা চলছে। নতুন বেতন কাঠামো কবে চূড়ান্ত হবে, তা নিয়ে বিভিন্ন সময়ে নানা তথ্য সামনে এলেও অনিশ্চয়তা কাটেনি।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার একটি গান নতুন করে ভাইরাল হয়েছে। আলোচনায় আসা গানটি হলো ‘তুমি আমার জীবন’। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া গানটি ব্যবহার করা হয়েছিল ‘অবুঝ হৃদয়’ সিনেমায়। গানটির ‘কেউ জানে না’ কথাগুলোই বর্তমানে পে-স্কেল নিয়ে চলমান আলোচনার সঙ্গে মিলিয়ে মজার ছলে শেয়ার করছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে একজন লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে, সেটাও মনে হয় কেউ জানে না। পে-স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত হবে—এমন প্রশ্ন এখন সরকারি চাকরিজীবীদের মধ্যেও ঘুরছে।
আর সেই ‘কবে’ প্রশ্নের সঙ্গে গানের ‘কেউ জানে না’ কথাগুলো মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নতুন করে আলোচনায় এসেছে। মূলত পে-স্কেল নিয়ে বিভিন্ন সময়ে নতুন নতুন তথ্য ও সম্ভাবনার খবর প্রকাশ পেলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই পরিস্থিতিকে রসিকতার সঙ্গে তুলে ধরতেই পুরোনো এই গানের ভিডিও শেয়ার করছেন অনেকে।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। সিনেমাটির অন্যতম জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’। কথা লিখেছেন সংগীত পরিচালক ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাফর ইকবাল ও ববিতা। কয়েক দশক আগে মুক্তি পাওয়া গানটির জনপ্রিয়তা এখনো রয়েছে। ইউটিউবেও গানটির দর্শকসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ।
সম্প্রতি গানটির ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যের সঙ্গে ‘কেউ জানে না’ অংশটি নতুন করে নজর কেড়েছে।
















