ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। ময়লা সংগ্রহ ও অপসারণের টেন্ডার প্রক্রিয়ায় কমিশন বাণিজ্য, কম লোক দিয়ে কাজ করিয়ে বেশি লোকের বিল তোলার পাশাপাশি গাড়ির অতিরিক্ত ট্রিপ দেখিয়ে বিল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
জ্বালানি খরচের হিসাবেও অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে। এসব অনিয়মে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদাররা লাভবান হচ্ছেন বলে অভিযোগ আছে। অন্যদিকে, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন নগরবাসী। নগর পরিকল্পনাবিদ ও গবেষকদের মতে, টেন্ডার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এই দুষ্টচক্র ভাঙা যাচ্ছে না।















