জুলাই আন্দোলনের উসকানিমূলক বক্তব্যের অভিযোগে তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আগামী ২৪ আগস্ট হাজির করার আদেশ দিয়েছেন আদালত।
প্রসিকিউটর মইনুল হোসেন জানান, জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের বিরুদ্ধে এই সাংবাদিকেরা গণমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। এই মামলায় আরও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। তারা তিনজন অন্য মামলায় গ্রেপ্তার থাকায়, ট্রাইব্যুনালে তাদেরকে এবার জুলাই কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়েছে।
তিন সাংবাদিকের মধ্যে মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে, গণহত্যা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় এরই মধ্যে চার্জশিটভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। তবে শ্যামল দত্তকে এই প্রথম ট্রাইব্যুনালের কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলো।

















