বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ হাজার ৯২টি গাছের চারা বিতরণ করা হচ্ছে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব গাছের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে আমরা তাদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করতে চাই। মাটিরাঙ্গা পৌরসভার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কর্মসূচি অব্যাহত থাকবে। ’ তিনি আরও বলেন, ‘শুধু চারা বিতরণ করলেই হবে না, শিক্ষার্থীদের এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণেও দায়িত্বশীল হতে হবে। ’ সম্মিলিত প্রচেষ্টায় মাটিরাঙ্গাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

















