এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে বদলি সফটওয়্যারে প্রবেশের জন্য এখনো অনেক শিক্ষক ইউজার আইডি ও পাসওয়ার্ড পাননি বলে জানা গেছে। রোববার (১৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানান, যেসব শিক্ষক এখনো ইউজার আইডি ও পাসওয়ার্ড পাননি, তাদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এরপরও কোনো শিক্ষক ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ওই শিক্ষকের ইনডেক্স নম্বর ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরসহ মাউশিতে তথ্য পাঠাতে হবে। পরে মাউশি ওই ইনডেক্স নম্বর টেলিটকের কাছে পাঠাবে। টেলিটক প্রয়োজনীয় তথ্য সংশোধন করে দিলে সংশ্লিষ্ট শিক্ষক বদলি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এর আগে শনিবার থেকে শিক্ষকদের বদলি সফটওয়্যারে লগইন করার জন্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো শুরু হয়।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২১ আগস্ট। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এক ক্লিকের মাধ্যমে সারাদেশের শিক্ষকদের একইসঙ্গে বদলি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বদলি কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান অথবা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, টেলিটকের কাছ থেকে শূন্যপদের চাহিদা পাওয়ার পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলে বদলির জন্য আবেদনকারী শিক্ষকরা অনলাইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য দেখতে পারবেন। সূত্র আরও জানায়, রোববার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়।
আবেদন গ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর এক ক্লিকের মাধ্যমে সারাদেশের সব শিক্ষককে একই সময়ে বদলি করার পরিকল্পনা রয়েছে। ফলে দীর্ঘদিনের প্রতীক্ষিত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম এবার কেন্দ্রীয়ভাবে দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

















