চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতি, সিআইজি সমবায় সমিতির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে সভায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইয়াকুব আলী। বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষি প্রতিষ্ঠানের পক্ষে তরিকুল ইসলাম, সফল মৎস্য চাষি রফিকুল ইসলাম এবং সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে সেলিম রেজাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।














