কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক বিবৃতিতে নিজদলীয় ওই এমপির ওপর হামলা নিয়ে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, মুফতি আমির হামজার গাড়িবহরে তাঁকে হত্যার উদ্দেশে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা করেছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থাতেই সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে হত্যার উদ্দেশে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়।
তিনি বলেন, সন্ত্রাসীদের এ বর্বরোচিত হামলায় আমির হামজা নিজে, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশে এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


















