প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত সরকারের বয়স মাত্র ছয় মাস। এই সময়ের মধ্যেই জনগণের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলা হাসপাতালে শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
শনিবার (১৫ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখনও তার হাঁটতে শিখতে প্রায় ১৮ মাস সময় লাগে। আপনাদের নির্বাচিত সরকারের বর্তমান বয়স মাত্র ছয় মাস। এই সময়ে আমরা কীভাবে আপনাদের উন্নয়নে কাজ করছি, আপনারা তা দেখেছেন। ’ তিনি বলেন, ফ্যাসিবাদের সময়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
মেগা প্রকল্পের নামে অতিরিক্ত ব্যয় করে অর্থ বিদেশে পাচার করা হয়েছে। একইভাবে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। জনগণের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ সেই সরকারের পতন ঘটিয়েছে এবং পরবর্তীতে ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার গঠন করেছে।
নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে জনগণের সামনে ৩১ দফা উপস্থাপন করা হয়েছিল। সেখানে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা বলা হয়েছিল। তারেক রহমান বলেন, নির্বাচনের পর ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হয়েছে।
সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে ১৩ লাখ কৃষকের কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির স্বার্থে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে এ কর্মসূচি শুরু হয় এবং গত ছয় মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকার মানুষ পানির সুবিধা পাচ্ছেন এবং কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসূচির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিশু পড়াশোনা করে। প্রত্যেককে বছরে একটি করে নতুন স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদ্যুৎ খাতে প্রায় তিন লাখ কোটি টাকা দেনা রেখে যাওয়া হয়েছে। গ্যাস সংকটের কারণে মানুষকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। একটি এলএনজি জাহাজে দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।
তৃতীয় এলএনজি জাহাজ আনার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। জাহাজটি এলে গ্যাস সংকট অনেকাংশে কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তারেক রহমান বলেন, জনগণের প্রতি দায়িত্ব থাকলে সমালোচনার পাশাপাশি তাদের নিজস্ব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে।
সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিয়ে আগামী ছয় মাসের মধ্যে সংকট সমাধান করতে পারলে তা বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্যের শেষে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশ গঠনের জন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহীদ জিয়া যে পথ দেখিয়ে গেছেন এবং খালেদা জিয়া যে পথে দেশ পরিচালনা করেছেন, সেই পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে চান তারা।

















