মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার তাতাউরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কুলাউড়া উপজেলার তাতাউরা এলাকায় তার বাড়ির পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেন জান্নাতুল ফেরদৌস। এ সময় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ছবি রেখে ফুল দেন তিনি। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার ফেসবুক আইডিতে দেখা যায়, এর আগের দিন শুক্রবার রাতে তিনি মোমবাতি প্রজ্বালন করেন। কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
















