সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে তার ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে রিহ্যাব পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে।
বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের সময় বেগম খালেদা জিয়ার অবস্থানের কথাও তুলে ধরেন। তার ভাষ্য, সে সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে বিদেশে না গিয়ে বাংলাদেশে থাকার বিষয়ে বেগম খালেদা জিয়ার অনড় অবস্থান তার রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত।
মো. মাহবুবুর রহমান আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন সময়ে নেওয়া অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলোও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচনায় গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান মিসেস তাসনোভা মাহবুব সালামসহ সংগঠনের পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিহ্যাবের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য তাঁর দীর্ঘদিনের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তার পরিবার, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়। সবশেষে কেক কেটে রিহ্যাব নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন করেন।
















