বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সচিব পর্যায়ে নারীর অংশগ্রহণও। বর্তমানে মোট সরকারি চাকরিজীবীর মধ্যে ২৯ শতাংশ নারী, যা পাঁচ বছর আগেও ছিল ২৬ শতাংশ। অর্থাৎ, পাঁচ বছরে সরকারি চাকরিতে নারী কর্মী বেড়েছে ৩ শতাংশ।
ঢাকায় আড়াইশ বছরের ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হয়েছেন ফরিদা খানম। ২০০৬ সালে রাজশাহীতে সহকারী কমিশনার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এবার ঢাকার জেলা প্রশাসক হিসেবে রাজাধানীর রাজস্ব আদায়, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি প্রশাসন পরিচালনার দায়িত্ব পালন করছেন ফরিদা খানম।
তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে যে ৩১ দফা দিয়েছেন, এই ৩১ দফার ২৩তম দফায় কিন্তু তিনি বলেছেন নারীর ক্ষমতায়নের বিষয়ে। ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ ছিল ২৬ শতাংশ। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর এই ৬ মাসে সেটা ৩ শতাংশ বেড়েছে।’
বরিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা। তিনি মনে করেন, দায়িত্ব পালনে জেন্ডার কোন ইস্যু নয়। প্রশাসনিক পর্যায়ে নারীরা প্রতিযোগিতায় টিকে নিয়োগ পাচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি জানান, একজন নারী অফিসারকে নারী হিসেবে নয়, বরং একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দেখা উচিত।
উত্তরের জেলা নীলফামারীতে খাল খনন প্রকল্পে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। জেলার ডোমার উপজেলার এই নির্বাহী কর্মকর্তা বলেন, অনেক সময় দেখা যায় যে, একজন পুরুষ অফিসারকে স্যার বলা হচ্ছে, কিন্তু আমাকে আপা বলা হচ্ছে। আসলে সমাজের দৃষ্টিভঙ্গি এখনও সে পর্যায়ে পৌঁছায়নি। তবে সেটা নিয়ে আমি কিছু মনে করি না, কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে, সেবা দেওয়া।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রশাসনে আগের সব রেকর্ড ভেঙে বর্তমানে ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা। বিভাগ ভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে নারী ডিসির সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ১৩ জেলার মধ্যে ৯ জেলায় নারী ডিসি দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া বর্তমানে দেশের ৪৯৯টি উপজেলার মধ্যে ১৯১টিতে দায়িত্ব পালন করছেন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। অর্থাৎ, প্রায় ৩৯ ভাগ উপজেলায় প্রশাসনের নেতৃত্বে রয়েছেন নারী কর্মকর্তারা।
উল্লেখ্য, মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ পদে একসঙ্গে এত বেশিসংখ্যক নারী এর আগে কখনো দায়িত্ব পালন করেননি। সংশ্লিষ্টরা মনে করে, প্রধানমন্ত্রীর স্বদিচ্ছায় দেশে নারীর ক্ষমতায়ন গুরুত্ব পাচ্ছে।















