ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশীয় ও আন্তর্জাতিক খাবারের অনন্য সমন্বয় নিয়ে যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট ‘মেজ ফিউশন’ (Maison Fusion)। “আমরা স্বাদের মধ্যে তৈরি করি ভালোবাসার সেতু” স্লোগানকে সামনে রেখে প্রবাসীদের জন্য ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের এক বিশাল সমাহার নিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে খাবার সরবরাহ করে গ্রাহকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছিল। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এবার তারা পূর্ণাঙ্গ রেস্টুরেন্ট হিসেবে আত্মপ্রকাশ করল। গত শনিবার (১ আগস্ট) প্যারিসের নিকটবর্তী ববিনি (Bobigny) এলাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্টটির ঠিকানা 58 Rue Bernard, 93000 Bobigny। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় কাউন্সিলর নাহিদুল ইসলাম। এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নুরুল আবেদিন, শরিফ রহমান ও মুজাহিদ রহমান। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে অধ্যাপক অপু আলম, দেবেশ বড়ুয়া ও মোহাম্মদ লুৎফুর রহমান বাবুসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র রেস্টুরেন্ট সেবাই নয়, বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য বিশেষ ক্যাটারিং সুবিধাও প্রদান করছে ‘মেজ ফিউশন’। বিয়ে, এনগেজমেন্ট, জন্মদিন, বিদায় অনুষ্ঠান, কর্পোরেট মিটিং কিংবা বিভিন্ন দলীয় আয়োজনে চাহিদা অনুযায়ী মানসম্মত খাবার সরবরাহ করা হবে। রেস্টুরেন্টটির আকর্ষণীয় মেনুতে রয়েছে ফ্রেঞ্চ-বাংলা ফিউশন স্টার্টার, কাস্টম অ্যাপেরো ডিনার, খাঁটি বাঙালি, ইন্ডিয়ান, ফ্রেঞ্চ ও কন্টিনেন্টাল বিভিন্ন মুখরোচক পদ।
এছাড়া বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান ও ফ্রেঞ্চ ঘরানার নানা ধরনের মিষ্টান্ন এবং অ্যালকোহলযুক্ত ও নন-অ্যালকোহলিক ককটেলেরও ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসের মাটিতে দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আসল স্বাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি যেকোনো আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে ‘মেজ ফিউশন’ প্রবাসীদের কাছে নতুন এক নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠবে।

















