সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর প্রবাসীদের পরিবারের খোঁজখবর নিয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নির্দেশে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলায় গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদের সার্বিক খোঁজখবর নেয়। এ সময় প্রতিনিধি দল নিহতদের পরিবারকে আশ্বস্ত করে জানায়, নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়। প্রতিনিধি দল নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানায়।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, সহ-সভাপতি আসমাউল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির হোসেন, জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক সোহেল রানা প্রমুখ।




















