যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে অনন্য সাফল্য অর্জন করেছে আকিজ কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান। পরীক্ষায় মোট ১ হাজার ২১৮ নম্বর পেয়ে সে যশোর বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে বলে নিশ্চিত করেছেন আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামান।
তিনি বলেন, শোয়াইব হাসান যশোরের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ হাসানুজ্জামান শিমুল একজন স্বাস্থ্যকর্মী এবং মা নাসরিন সুলতানা স্কুলের শিক্ষিকা। সন্তানের এমন অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষাজীবনে নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনাকে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে মনে করছে মেধাবী শিক্ষার্থী শোয়াইব। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সে। শোয়াইব হাসানের এই কৃতিত্বে তার পরিবার ও আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষকরা অত্যন্ত আনন্দিত। তার সাফল্যে বোয়ালিয়া ও বেনাপোল এলাকার মানুষও গর্বিত। শোয়াইব হাসানের মা নাসরিন সুলতানা বলেন, সন্তানের এই অর্জন শুধু তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়,পুরো শার্শা উপজেলার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।














