জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন এবং সব শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে শেরপুরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট বুধবার এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘জুলাই যোদ্ধা ও শহিদ ফ্যামিলি একটিভ কমিটি’র সভাপতি সেলিম রেজা এবং গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা রাব্বিসহ অন্যান্য শহিদ পরিবারের স্বজনরা।
এ ছাড়া অনুষ্ঠানে এনসিপি ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সম্মুখ সারির যোদ্ধা জাকির হোসেন, শেরপুর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফিরোজ আহমেদ, যুগ্ম সদস্য সচিব গুলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এবং জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মোহন সরকারসহ সদর উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহিদ ও আহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।



















