পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি থানার সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় কাবাল শহরের থানার প্রবেশমুখে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দায়িত্বে থাকা সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি শরীরে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থল থেকে একটি খ-িত মাথা উদ্ধার করা হয়েছে, যা হামলাকারীর বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। হামলার সময় থানার পাশের একটি মোড়ে কয়েকশ মানুষ সোয়াতে ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সমাবেশে শেষ বক্তা বক্তব্য দেওয়ার সময় বিকট বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি শুরু করেন। আহতদের দ্রুত সাইদু শরীফের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ অঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগজনক মাত্রা পেয়েছে। তবে সর্বশেষ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার না করায় ঘটনার প্রকৃত নেপথ্য কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করছে পাকিস্তান।















