যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে চাঁদার টাকা না পেয়ে এক অসহায় বৃদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় মাদকসেবী হাসনাতের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগও করেছেন ভুক্তভোগী। সোমবার (৩ আগস্ট) ভুক্তভোগী আলেয়া রহমান যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে চুড়ামনকাটি উত্তরপাড়ার মৃত মতিয়ার রহমানের স্ত্রী আলেয়া রহমান জানান, চাকরির কারণে তার ছেলেরা ঢাকায় বসবাস করেন।
তিনি বাড়িতে একাই থাকেন। এই সুযোগে প্রতিবেশী নাসিরের ছেলে হাসনাত দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। অভিযোগ অনুযায়ী, রোববার (২ আগস্ট) দুপুরে হাসনাত আবারও তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আলেয়া রহমানকে মারধরের চেষ্টা করে। প্রাণভয়ে তিনি ঘরে আশ্রয় নিলে অভিযুক্ত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আলেয়া রহমান আরও জানান, প্রায় তিন মাস আগেও একই কারণে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছিল হাসনাত। তখন স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। তবে এবার থানায় অভিযোগ করার পর থেকে অভিযুক্ত আরও বেপরোয়া হয়ে তাকে হত্যার হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি। বাড়িতে একা থাকায় চরম আতঙ্কে দিন কাটছে বলেও জানান এই বৃদ্ধা। এ বিষয়ে চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই নিয়ামুল ইসলাম বলেন, বৃদ্ধার লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
















