রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, সম্প্রতি এ ঘটনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে আনসার সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
তবে ওই প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (RNB) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ায় কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্য নন; তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (RNB) সদস্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী RNB-এর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফলে ওই ঘটনার সঙ্গে আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো সুযোগ নেই। বাহিনীটি বলেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্য জড়িত ছিলেন না। প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এতে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবার প্রতি ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


















