রাষ্ট্র ও ক্ষমতাবানদের প্রশ্ন করা এবং তাদের জবাবদিহির আওতায় রাখা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী। তিনি বলেন, ‘এ ধরনের দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ রোববার (২ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত ‘সাংবাদিকতার নৈতিকতা’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, ‘সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র।’ গণমাধ্যমের জন্য সৎ, সত্যনিষ্ঠ ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতা অপরিহার্য। তবে বাস্তবতায় দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ঘাটতি স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। তারা আরও বলেন, দলবাজি, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এবং তথ্যসন্ত্রাস সাংবাদিকতার মর্যাদাকে ক্ষুণ্ন করছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা উচিত নয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে স্বার্থনির্ভর সাংবাদিকতা প্রকৃত ও দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা দখল করছে। বক্তারা এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাংবাদিকদের নৈতিকতা, পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠার চর্চা আরও জোরদার করার আহ্বান জানান।
কর্মশালায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের স্বার্থ, পেশাগত নৈতিকতা এবং গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা। এর আগে সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার হাতে জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদের চিঠি তুলে দেওয়া হয়।





















