বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শেষ হওয়ার নয় দিন হতে চললেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এমনকি কবে নাগাদ ফল প্রকাশ করা হবে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এতে বদলির অপেক্ষায় থাকা কয়েক হাজার প্রার্থীর মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। মাউশি জানিয়েছে, শিক্ষকদের বদলির ফল প্রকাশে বিলম্বের পেছনে কয়েকটি জটিলতা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো—অনেক আবেদনকারী তাদের করা আবেদন বাতিল করতে চাইছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত প্রয়োজন হলেও বিষয়টি এখনো মন্ত্রীর কাছে উপস্থাপন করা সম্ভব হয়নি।
ফলে বদলির ফল প্রকাশের প্রক্রিয়াও এগোয়নি। মাউশি আরও জানিয়েছে, ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার বিপরীতে সুপারিশ পাওয়া ১৯৫ জন প্রার্থীকে প্রতিস্থাপন করা হয়েছে। যেসব পদে তাদের প্রতিস্থাপন করা হয়েছে, সেসব পদেও শিক্ষকরা বদলির জন্য আবেদন করেছেন। ফলে ওই আবেদনগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রেও শিক্ষামন্ত্রীর নির্দেশনা প্রয়োজন বলে জানিয়েছে মাউশি।
মাউশির কর্মকর্তারা বলছেন, এসব জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশ করা সম্ভব হবে না। এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষকদের বদলিতে বেশ কিছু জটিলতা রয়েছে। এগুলো নিরসনে শিক্ষামন্ত্রীর নির্দেশনা প্রয়োজন। বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করা হবে। এরপর নির্দেশনা পেলে বদলির ফল প্রকাশ করা হবে।
গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শেষ হয়। মাউশির তথ্য অনুযায়ী, বদলির জন্য মোট ১৩ হাজার ৬৭৮টি আবেদন জমা পড়েছে। একজন প্রার্থী একাধিক আবেদন করতে পারায় প্রকৃত আবেদনকারীর সংখ্যা এখনো জানা যায়নি।


















