চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫) এবং একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামাদলের সভাপতি ও দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন। জহির উদ্দিন ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি একটি কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনায় দুই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
6:49 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় নিহত খতিব ও মুয়াজ্জিন
-
MIT ERP
- Update Time : 05:45:51 pm, Sunday, 2 August 2026
- 6
Tag :
Popular Post























