প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে। কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করে লোক পাঠানো এবং সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রস্তুত করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দালালদের দৌরাত্ম্য কমানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশে যেতে গিয়ে অনেক মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রবাসী কর্মীদের বিদেশগমন প্রক্রিয়া সহজ করার জন্যও কাজ করা হচ্ছে। দালালদের দৌরাত্ম্য বন্ধে বিএমইটির কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া এজেন্সিগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দেওয়ার সুযোগ রাখা হবে।’
জেলা প্রশাসক মো. ইরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তার দল গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিকেলে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



















