নামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর করে অনেকে সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। কী থাকে তাঁদের ভাবনায়? কেমন তাঁদের অভিজ্ঞতা? খোঁজ নিয়েছেন ফুয়াদ পাবলো
মায়ের হারিকেনের আলো থেকে শিক্ষকতার আলোয়: মুজাহিদ হোসেন
ছোটবেলায় হারিকেনের আলোয় মায়ের কাছে পড়তে বসতাম। মায়ের হাত ধরেই আমার পড়াশোনার শুরু। মা শিক্ষকতা করতেন। এই পেশার প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ববোধ ও আন্তরিকতা দেখেই বড় হয়েছি। তখন অবশ্য নিজে শিক্ষক হব, এমন কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু মায়ের সেই ভালোবাসা যে মনের অজান্তেই আমাকে প্রভাবিত করেছিল, বুঝেছি অনেক পরে।
মানুষের সঙ্গে কথা বলতে, মানুষের কথা শুনতে ও নতুন কিছু শিখতে আমার ভালো লাগে। কোনো একটা বিষয় কাউকে বুঝিয়ে বলার পর তার চোখেমুখে যে আনন্দ ফুটে ওঠে, সেটা দেখতেও ভালো লাগে। হয়তো আমার এই স্বভাব আর মায়ের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণাই আমাকে ধীরে ধীরে শিক্ষকতার দিকে নিয়ে এসেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে যোগ দিয়েছিলাম। আমার কয়েকজন বন্ধু তখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল। তাঁদের উৎসাহে আমিও প্রস্তুতি শুরু করি। একপর্যায়ে ব্যাংকের চাকরি ছেড়ে দিই। নিজের পছন্দ, পারিবারিক বাস্তবতা ও ভবিষ্যতের কথা ভেবে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিই।
শিশুদের পড়ানোর কাজটা এখন বেশ উপভোগ করি। আমার কাছে শিক্ষকতা মানে শুধু পাঠ্যবইয়ের বিষয় শেখানো নয়। শিশুদের বুঝতে পারা, তাদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলাও শিক্ষকতার অংশ। শিশুরা শিক্ষকদের খুব মনোযোগ দিয়ে লক্ষ করে। একজন শিক্ষকের কথা বলার ধরন, আচরণ, এমনকি ছোটখাটো অভ্যাসও তাদের ওপর প্রভাব ফেলে। বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান নিয়ে পড়েছি। সেই পড়াশোনার অভিজ্ঞতা শিশুদের বুঝতে আমাকে সাহায্য করে। আবার শিশুদের কাছ থেকেও প্রতিনিয়ত শিখছি। ওদের সরলতা, সহজে মনের কথা প্রকাশ করার ক্ষমতা আমাকে মুগ্ধ করে।
জীবনে এমন কিছু করতে চাই, যেন মানুষের মনে বেঁচে থাকতে পারি। সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে চাই।
একটি শিশুর স্বপ্ন দেখার সাহস জোগাতে চাই: ফাতিমা তুজ জোহরা

শিক্ষক হব, এমনটা আমার প্রথম পছন্দ বা স্বপ্ন ছিল না। জীবনের পথচলায় একসময় পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হই, এরপর শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার কর্মজীবন।
শুরুতে শিক্ষকতাকে পেশাগত দায়িত্ব হিসেবেই দেখতাম। কিন্তু শিশুদের সঙ্গে মিশতে মিশতে এই কাজের অন্য এক আনন্দ আবিষ্কার করেছি। প্রতিদিন তাদের হাসি, সারল্য, কৌতূহল আর ছোট ছোট অর্জন আমাকে নতুন অভিজ্ঞতা দেয়। বিশেষ করে প্রাক্-প্রাথমিকের শিশুরা যখন আমার হাত ধরে একটি একটি করে বর্ণ লিখতে শেখে, তখন যে আত্মতৃপ্তি অনুভব করি, ভাষায় তা প্রকাশ করা কঠিন।
এই পেশায় আসার পর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মন্তব্যই শুনেছি। কখনো শিক্ষকসংকট, দাপ্তরিক কাজের চাপ ও নানা প্রতিবন্ধকতার মুখে মনে হয়েছে, অন্য কোনো পেশায় গেলে হয়তো জীবনটা অন্য রকম হতে পারত। কিন্তু শিক্ষার্থীদের ভালোবাসা, ওদের কোনো অর্জন যখন দেখি, মনটা ভালো হয়ে যায়।
আবার কর্মজীবন শুরু করার সুযোগ পেলেও প্রাথমিক শিক্ষকতাকেই বেছে নিতাম। তবে শিশুদের মনস্তত্ত্ব, আধুনিক শিখনপদ্ধতি এবং তাদের পারিবারিক ও সামাজিক বাস্তবতা বুঝতে নিজেকে আরও প্রস্তুত করতাম। কারণ, একজন শিক্ষকের কাজ শুধু পাঠদান নয়, শিশুর মধ্যে নৈতিকতা, মানবিকতা ও আত্মবিশ্বাসের বীজ বপন করা।
শিক্ষকতায় ভালো লাগা, তবু খুঁজছি নিজের পছন্দের পেশা: আসিফ আহমেদ

দীর্ঘদিন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পর যখন কর্মজীবনে প্রবেশের তাগিদ অনুভব করছিলাম, তখন প্রাথমিক শিক্ষকতার সুযোগটি বেছে নিই।
ফরিদপুর সদর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের স্কুলে আমি পড়াই। একটি শিশুর মধ্যে কতটা সারল্য, সৃজনশীলতা ও বৈচিত্র্যময় চিন্তা থাকতে পারে, ওদের সঙ্গে না মিশলে বুঝতাম না। অনেক সময় ওদের কাছ থেকেই নতুন করে ভাবতে শিখি। আগে প্রাথমিকের শিক্ষকতা সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণা থাকলেও কাজ করতে এসে তা অনেকটাই কমেছে। বিশেষ করে গত পাঁচ বছরে এই পেশায় দেশের বিভিন্ন ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনা করা অনেক তরুণ যুক্ত হয়েছেন।
আমার সিদ্ধান্ত নিয়ে বন্ধুদের প্রতিক্রিয়া অবশ্য এক রকম না। কেউ ইতিবাচকভাবে দেখেন, কেউ মনে করেন আরও ভালো চাকরির চেষ্টা করা উচিত। সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে কেউ কেউ আমাকে সেই পেশায় ফিরে যাওয়ার পরামর্শও দেন। তবে আত্মীয়স্বজনের অধিকাংশই খুশি। কারণ, এই চাকরির সুবাদে নিজ এলাকায় থাকতে পারছি, পরিবারের কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পাচ্ছি।
তবে নিজের সিদ্ধান্ত নিয়ে এখনো দ্বিধায় ভুগি। এর অন্যতম বড় কারণ বর্তমান বেতনকাঠামো। আবার শ্রেণিকক্ষে শিশুদের পড়াতে গিয়ে তাদের আগ্রহ ও ভালোবাসা দেখলে মনে হয়, শিক্ষকতা সত্যিই অসাধারণ একটি পেশা।
আবার কর্মজীবন শুরু করার সুযোগ পেলে জনসংযোগ কর্মকর্তা হতে চাইতাম। মানুষের সঙ্গে যোগাযোগ, তথ্য আদান-প্রদান, গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের প্রতি আমার আগ্রহ আছে। আপাতত শিক্ষকতার পাশাপাশি নিজের পছন্দ ও যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুযোগের খোঁজে আছি।
গ্রামের শিশুদের নিয়েই বদলাতে চাই শিক্ষার চিত্র: শারমিন আক্তার

ছোটবেলা থেকেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু চাকরির প্রস্তুতি নিতে গিয়ে প্রথমবারের মতো সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় বসি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। সেটিই ছিল জীবনের প্রথম সরকারি চাকরির পরীক্ষা। প্রথমবারেই নিয়োগ পেয়ে যাই।
শিশুদের পড়াতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয়, অর্জিত জ্ঞানের সবটুকু ওদের মধ্যে ছড়িয়ে দিই। আবার প্রতিদিন ওদের কাছ থেকে অনেক কিছু শিখিও। যেমন কীভাবে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে হয়, কীভাবে জটিলতা ভুলে সহজভাবে বাঁচতে হয়।
প্রতিদিন সকালে স্কুলে গিয়ে শিশুদের সালাম পাই। গ্রামের মানুষও যথেষ্ট সম্মান করেন। দেখা হলেই বলেন, ‘মাস্টার সাহেব আসছেন।’ তখন শিক্ষকতায় আসার সিদ্ধান্ত সার্থক মনে হয়। আবার কখনো আক্ষেপও হয়। মনে হয়, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও হয়তো নিজের সামর্থ্য ও যোগ্যতার পুরোটা কাজে লাগাতে পারছি না।
তবে শিক্ষার্থীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো অনেক আক্ষেপ ভুলিয়ে দেয়। সহকারী শিক্ষক হিসেবে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। আমি চাই, নিজের পরিকল্পনা ও উদ্যোগে একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বদলে দিতে। বিশেষ করে নিজের গ্রামের শিশুদের জন্য এমন একটি বিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে তারা ভালোভাবে শিখবে, স্বপ্ন দেখবে এবং নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।
প্রতিদিন ৩০-৩৫টি কৌতূহলী মুখ আমার দিকে তাকিয়ে থাকে: মোকছেদুল মোমিন

ছোটবেলা থেকে কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার পঙ্ক্তি মনে গেঁথে আছে ‘মজুরের ছেলে স্কুলে যায় জ্ঞানের পিপাসা নিয়ে।’ এখন গ্রামের কৃষক, শ্রমজীবী ও সাধারণ পরিবারের ছোট ছোট ছেলেমেয়ের মধ্যেই আমি আগামী দিনের বাংলাদেশকে দেখি।
সরকারি চাকরির দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে গিয়ে একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েছিলাম। এখন মনে হয়, এই পেশায় এসে জীবনের এক অন্য রকম আনন্দ খুঁজে পেয়েছি।
প্রতিটি সকাল আমার কাছে নতুন গল্পের মতো। শ্রেণিকক্ষে ঢুকতেই ৩০-৩৫টি কৌতূহলী মুখ আমার দিকে তাকিয়ে থাকে। কেউ বলে, ‘স্যার, ভালো আছেন?’ কেউ আবার গল্প শোনার আবদার করে। আমার শিক্ষার্থীদের কাছে আমি আতঙ্ক নই, আবদারের মানুষ।
শুরুতে শিক্ষকতা পেশা বেছে নেওয়ায় অনেকের কাছ থেকেই শুনতে হয়েছে, ‘এত পড়াশোনা করে শেষ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে!’ কেউ বলেছেন, বেতন কম, সম্মানও কম। তখন অনেক কথার জবাব দিইনি। কিন্তু এখন যখন গ্রামের রাস্তায় হাঁটি, শিক্ষার্থীরা দৌড়ে এসে সালাম দেয়, দূর থেকে বলে, ‘ওই যে আমগর স্যার যাইতাছে’, তখন মনে হয়, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!
আমার শিক্ষকজীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি প্রথম কর্মস্থলের। স্কুলে পৌঁছালে শিশুরা আনন্দে ছুটে আসত। কেউ হাত ধরত, কেউ শার্ট, কেউ টিফিন ক্যারিয়ার, কেউ ছাতা নিয়ে অফিস পর্যন্ত এগিয়ে দিত।
একদিন আমার এক শিক্ষার্থীর বাবা, যিনি অটোরিকশা চালাতেন, তাঁর গাড়িতে করে স্কুলে গিয়েছিলাম। নামার পর কিছুতেই ভাড়া নিতে চাইলেন না। কারণ, তাঁর ছেলে নাকি বলে দিয়েছে, ‘আব্বা, স্যারের কাছে ট্যাহা নিস না।’ সেদিন বুঝেছিলাম, একজন শিক্ষকের প্রতি শিশুর ভালোবাসা তার পরিবারের মধ্যেও কতটা জায়গা করে নিতে পারে।
শিশুদের চোখে নিজের শৈশব খুঁজে পাই: ইজাবুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ার সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে কখনো পেশা হিসেবে ভাবিনি। কিন্তু জীবনের পথচলায় একসময় উপলব্ধি করি, বড় কোনো প্রতিষ্ঠানে নিজের ক্যারিয়ার গড়ার চেয়েও শিকড় থেকে সমাজ পরিবর্তনের কাজটি বেশি অর্থপূর্ণ হতে পারে।
আমার নিজের জীবনেও প্রাথমিক শিক্ষকদের অবদান অনেক। পড়াশোনা যখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম, তখন প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আমার জীবনে আলোর দিশারি হয়ে এসেছিলেন। তাঁর অনুপ্রেরণা ও সহযোগিতা আমাকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর করার পেছনে সেই শিক্ষকদের অবদান গভীরভাবে অনুভব করি। তাই যখন বুঝতে পারলাম, প্রাথমিকের শিক্ষকতা শুধু জীবিকা নয়; বরং আগামী দিনের একটি সুন্দর জাতি গঠনের সুযোগ, তখন এই পেশার প্রতি ভালো লাগা তৈরি হয়।
প্রথম যেদিন আনুষ্ঠানিকভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করেছিলাম, সহকর্মীদের আন্তরিক অভ্যর্থনা আর শিশুদের কৌতূহলী চোখ দেখে মনে হয়েছিল, নতুন এক জীবনের শুরু হলো। অবশ্য শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা, অতিরিক্ত প্রশাসনিক কাজ, পর্যাপ্ত শিক্ষণ উপকরণের অভাব কিংবা পদোন্নতির জটিলতা কখনো কখনো হতাশ করে। তবু শিশুদের ছোট ছোট অর্জন হতাশা ভুলিয়ে দেয়।





















