ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের অগ্রবাণীর সহ-সম্পাদক তাজমিনউর রহমান তুহিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে জানা যায়, সহ-সভাপতি পদে তাজমিনউর রহমান তুহিন ১১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।
নবনির্বাচিত সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আলী আহমেদ মৃধার ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি হযরত শাহ্জালাল মৎস্য অ্যান্ড ডেইরি ফার্ম ও লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ব্যক্ত করে তাজমিনউর রহমান তুহিন বলেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য ও সহকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটারদের এই রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ক্লাবের উন্নয়নে আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামী দিনে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাব।





















