আইপিএলের সঙ্গে আবারও একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আগামী বছর ১৮ মার্চ শুরু হয়ে ২ মে পর্যন্ত চলবে পিএসএলের ১২তম আসর। রমজানের পর টুর্নামেন্ট আয়োজন নিয়ে সম্প্রচারস্বত্বধারী ওয়ালি টেকনোলজিস আপত্তি জানালেও শেষ পর্যন্ত মার্চ-মে সময়কেই বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজিগুলো।
এদিকে আইপিএলের সম্ভাব্য সময় ধরা হচ্ছে ১০ মার্চ থেকে ১৫ মে। ২০১৬ সালে শুরু হওয়ার পর ২০২৪ সাল পর্যন্ত ফেব্রুয়ারি-মার্চে হয়েছে পিএসএল। আইসিসির ব্যস্ত সূচির কারণে ২০২৫ সাল থেকে সময় বদলে এপ্রিল-মেতে নেওয়া হয় এই টুর্নামেন্ট। ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে ভারত-শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সূচিতে এই পরিবর্তন আনা হয়েছিল।
২০২৭ সালের আসর জানুয়ারি-ফেব্রুয়ারিতে এগিয়ে আনার প্রস্তাবও উঠেছিল। তবে লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডিসহ পাঞ্জাবের ভেন্যুগুলোয় ওই সময়ে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। তাই শেষ পর্যন্ত প্রস্তাবটি ধোপে টেকেনি। পিএসএলের ২০২৯ সাল পর্যন্ত সম্প্রচারস্বত্বের মালিক ওয়ালি টেকনোলজিসও মার্চ-মে সূচি নিয়ে আপত্তি তুলেছিল।
তাদের যুক্তি, রমজান শুরুর আগেই অধিকাংশ বিজ্ঞাপনদাতা বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেট ব্যয় করে ফেলেন। ফলে রমজানের পর টুর্নামেন্ট হলে সম্প্রচার থেকে প্রত্যাশিত আয় পাওয়া কঠিন হয়ে পড়ে। প্রসঙ্গত, আগামী বছর রমজান ফেব্রুয়ারির শুরু থেকে মার্চের শুরু পর্যন্ত চলবে। গভর্নিং কাউন্সিলের বৈঠকে সূচি নিয়ে ঐকমত্য না হওয়ায় পরে আট ফ্র‍্যাঞ্চাইজির মতামত নেয় পিসিবি।
সংখ্যাগরিষ্ঠ দল মার্চ-মে সময়কে সমর্থন করায় ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত পিএসএল আয়োজনের সিদ্ধান্ত হয়। এর ফলে টানা তৃতীয়বার আইপিএলের সঙ্গে সরাসরি সূচি-সংঘাতে পড়ছে পিএসএল। ২০২৫ ও ২৬ সালেও দুই দেশের জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি লিগ একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৭ সালেও সেই সূচিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে।





















