শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার ঐতিহ্যে সমৃদ্ধ নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘ ৮১ বছরের পথচলার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শিক্ষার্থী, শিক্ষক ও গুণীজনের স্মৃতি।
শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে এবার তৈরি হয়েছে প্রথম থিম সং। বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র কবি ও গীতিকার আমিরুল হাছানের কথায় গানটি তৈরি হয়েছে। থিম সংটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন দেশবরেণ্য শিল্পী নাজির মাহমুদ। গানটির সংগীতায়োজনও করেছেন তিনি। খুব শিগগিরই ‘গান কবিতা’ ইউটিউব চ্যানেলে থিম সংটি প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গানের শিক্ষক বাউল আরমান বলেন, “এই থিম সং নিয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নতুনভাবে যুক্ত হবে। ” বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর বলেন, “ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় নরসিংদী তথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।
থিম সংটির মাধ্যমে বিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি ও ঐতিহ্য আরও সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হবে। ” থিম সংটির গীতিকার কবি ও গীতিকার আমিরুল হাছান বলেন, “এই স্কুলের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিকে নিয়ে একটি গান করার কথা ভাবছিলাম। অবশেষে সেই ভাবনা বাস্তবে রূপ পেয়েছে। দেশবরেণ্য সুরকার ও শিল্পী নাজির মাহমুদের কণ্ঠে গানটি পূর্ণতা পেয়েছে।
তিনি প্রায় দুই হাজারের বেশি জিঙ্গেল তৈরি করেছেন। ” দীর্ঘ পথচলায় ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে তুলে ধরার উদ্যোগ হিসেবে থিম সংটি নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।






















