চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পেয়ে জামালপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন সহকারী শিক্ষক প্রার্থী অনশন কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতরে তারা এ অনশন শুরু করেন। আন্দোলনরত প্রার্থীদের ঘোষণা, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
অনশনকারীরা জানান, জামালপুর জেলায় সহকারী শিক্ষক হিসেবে মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে এবং দ্বিতীয় ধাপে একজনকে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু একই নিয়োগ প্রক্রিয়ার অংশ হওয়া সত্ত্বেও ৫১ জনকে এখনো অপেক্ষায় রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম শেষ হলেও জামালপুরে তাদের আটকে রাখা হয়েছে বলে দাবি প্রার্থীদের।
টানা চারদিন ঢাকায় আন্দোলনের পর অসুস্থ শরীর নিয়েই তারা এই অনশনে বসেছেন বলে জানান তানভীর রহমান নামে এক প্রার্থী। তিনি বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত আমরা কেউ কোনো খাবার খাইনি। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে, প্রয়োজনে রাতেও আমরা এখানে থাকব।’
আরেক প্রার্থী মীর আফিফা সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কেন আমাদের বাদ রাখা হয়েছে তা আমরা এখনও জানি না। আজকের মধ্যেই আমরা নিয়োগপত্র হাতে চাই। অন্যান্য সব জেলায় নিয়োগপত্র দেওয়া হয়ে গেছে। নিয়োগপত্র না দিলে আমরা এখানেই অনশন করে যাব। প্রয়োজনে না খেয়ে মরে যাব, তারপরও আমরা কেউ এখান থেকে বের হব না।’
এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান বলেন, ‘অপেক্ষমাণ ৫১ জন প্রার্থীর নথিপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাজ চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।’



















