বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে চলচ্চিত্র রইদ। নির্মাতা মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি চূড়ান্তভাবে অস্কার বাংলাদেশ কমিটি কর্তৃক নির্বাচিত হয়েছে।
গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। সিনেমাগুলো ছিলÑ রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’।
পরবর্তীতে ‘মানুষের বাগান’ সিনেমাটি এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ার কারণে প্রত্যাহার করে নেওয়া হয়। বাকি ৪টি সিনেমার গুণগত মান, নির্মাণশৈলী ও সার্বিক দিক বিবেচনা করে জহিরুল ইসলাম কচির নেতৃত্বাধীন ৭ সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি সর্বসম্মতভাবে ‘রইদ’কে চূড়ান্ত করে। প্রেম ও নীরবতার এক আদিম আখ্যান ‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন বরাবরই রূপক ও গভীর জীবনবোধের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে ভালোবাসেন।
‘রইদ’ সিনেমাতেও তার ব্যতিক্রম ঘটেনি। নির্মাতা জানান, সিনেমাটি মূলত একজন সাধু এবং তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর গল্প। প্রেম ও নীরবতার ভাষা কীভাবে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে ধরে রাখে, সেটিই সেলুলয়েডের ফিতায় ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেনÑ সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধিমান।
আর এই জটিল ও মনস্তাত্ত্বিক গল্পকে পর্দায় জীবন্ত করে তুলেছেন ঢাকাই সিনেমার অন্যতম দুই শক্তিশালী অভিনয়শিল্পী মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। অস্কারের মতো বড় মঞ্চে সিনেমাটি দেশের গল্প বলবে, যা নিয়ে উচ্ছ্বসিত পুরো কলাকুশলী দল। সিনেমাটির প্রধান অভিনেত্রী নাজিফা তুষি তার প্রতিক্রিয়ায় বলেন, রইদ’র অস্কারযাত্রা বাংলাদেশের সিনেমার জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।
এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার জন্য। সেখানে যদি ‘রইদ’ জায়গা করে নিতে পারে, তবে আন্তর্জাতিক মঞ্চে আমাদের চলচ্চিত্রের জন্য আরও বড় সুযোগ তৈরি হবে। অস্কার বাংলাদেশ কমিটি এবং দেশের চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, বিশ্ব চলচ্চিত্রের এই মহোৎসবে বাংলাদেশের সংস্কৃতি, জীবনবোধ ও অনন্য নির্মাণশৈলী তুলে ধরার একটি দুর্দান্ত মাধ্যম হবে ‘রইদ’।
সব ঠিক থাকলে ২০২৭ সালের ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের হলিউডের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কারের ৯৯তম জমকালো আসর।



















