ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময়, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং সুধী সমাবেশে অংশ নেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সংসদ সদস্য আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে পৌঁছান। সেখানে তিনি শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলি) উপস্থিত হয়ে তাদের খোঁজখবর নেন এবং কুশলাদি বিনিময় করেন। সমাবেশ শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় প্রধান শিক্ষক আজাদুল ইসলাম প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সংসদ সদস্য তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এরপর আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি ড. ইলিয়াস মোল্লা। সেখানে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। দিনের শেষভাগে এমপি ইলিয়াস মোল্লা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ পরিদর্শন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরেন।
সংসদ সদস্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. জাবেদ হোসেন ও পৌর সভাপতি মো. ইউসুফসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংসদ সদস্য বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।




















