সুস্থ বাবা, নিরাপদ পরিবার—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ডিজিটাল গল্প লেখা ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর পাঁচ বিজয়ী সন্তান ও তাঁদের বাবাদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে হাসপাতালের মিটিং রুমে অনাড়ম্বর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি প্রকাশ করে জমা পড়া অসংখ্য গল্প থেকে বাছাই করে পাঁচজনকে বিজয়ী নির্বাচিত করা হয়। বিজয়ীরা হলেন—সুমাইয়া জাহান (বাবা আহম্মেদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া), লাকী আক্তার সীমা (বাবা মোনতাজ উদ্দিন আকন্দ, গাজীপুর), তাইয়্যেবা তাসবিন লামিয়া (বাবা এস এম আতাউর রহমান, নারায়ণগঞ্জ), ফারিহা রিদিলা (বাবা ফারুকুল ইসলাম, ময়মনসিংহ) এবং কাজী মিলহা (বাবা কাজী মিজানুর রহমান, ঢাকা)।
অনুষ্ঠানে বিজয়ী ও তাদের বাবাদের হাতে বিশেষ উপহার সামগ্রী এবং একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’ তুলে দেওয়া হয়। পাশাপাশি বাবাদের জন্য বিশেষ হেলথ কার্ড দেওয়া হয়। এর মাধ্যমে তারা ও তাদের পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় অগ্রাধিকারসহ বিশেষ সুবিধা পাবেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন অনুকাব্য লেখক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি এবং দৈনিক আগামীর সময় পত্রিকার ডিরেক্টর—ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।
অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব।
বাবাদের প্রতি সম্মান প্রদর্শন এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাবা ও প্রবীণদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কল্যাণমূলক ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা’ সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে ‘টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস’ সম্মাননা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ প্রদানসহ বিশেষ দিনগুলোতে বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

















