দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হলো। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩১ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। এতে দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ল ১২ হাজার ৭২ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। এর আগে গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণের বিক্রি হয়। স্বর্ণের পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দামও ২৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৪ এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


















