রাজধানীর মিরপুরে ন্যায্য মূল্যের (টিসিবি) পণ্য সংগ্রহ করতে গিয়ে রাস্তার পাশে থাকা দেয়াল ধসে পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন, যারা টিসিবির পণ্য সংগ্রহের লাইনে ছিলেন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, টিসিবির পণ্য নিতে অনেকে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেয়াল ধসে পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়ালচাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এর মধ্যে মুখ থেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে আরেকজনের মৃত্যুর খবর শুনেছি। প্রত্যক্ষদর্শী রিয়াজুল ব্যাপারী বলেন, কলেজের দেয়ালের অপর পাশে বসে চা খাচ্ছিলাম। দেয়াল ঘেঁষে সড়কে টিসিবির ট্রাক থেকে পণ্য বিতরণ করা হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি কলেজের দেয়াল ধসে পড়েছে। আশপাশে যারা ছিল তারা ইট-সুরকি সরিয়ে অনেককে বের করে। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ান বলেন, দেয়াল ভেঙে পড়ার পর মানুষজন দৌড়ে উদ্ধার করতে যায়। কয়েক বছর আগে এই দেয়ালটা করা হয়। হয়তো বৃষ্টিতে দেয়ালটি ধসে পড়তে পারে। পুলিশ জানিয়েছে, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন লাভ রোডের দিকে ৮ ফুট উঁচু। ধারণা করা হচ্ছে, দেয়ালটির নির্মাণ হয়তো মজবুত ছিল না। গত কয়েক দিনের বৃষ্টিতে দেয়ালটি নড়বড়ে হয়ে পড়ে। এতে দেয়ালটি টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো নারী-পুরুষদের ওপর ধসে পড়ে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গতকাল দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়ালের পাশে টিসিবির পণ্য দেওয়া হচ্ছিল। লাইনে থাকা নারীদের ওপর কলেজের দেয়াল ধসে পড়ে কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে পঙ্গু হাসপাতালে একজন ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজন মারা যান। তিনি আরও জানান, পঙ্গু হাসপাতালে নিহত নারী নাসিমা বেগম (৪৫) একজন পরিচ্ছন্নতাকর্মী। তিনি মিরপুর-২ জনতা হাউজিং সংলগ্ন টিনশেডে থাকতেন বলে নিশ্চিত করেছেন তার মা শাহিদা বেগম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পঙ্গু হাসপাতালে যান। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
10:42 pm, Wednesday, 29 July 2026
শিরোনাম :
টিসিবির পণ্য নিতে গিয়ে কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬
-
MIT ERP
- Update Time : 08:11:51 pm, Wednesday, 29 July 2026
- 6
Tag :














