শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে একটি জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শুরু করার নির্দেশনা প্রদান করেন।
ওই নির্দেশনার আলোকে কবি গোলাম মোস্তফা রচিত বিখ্যাত কবিতা ‘কিশোর’-এর পঙ্ক্তি ‘আমরা নতুন, আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে’-কে সূচনা সংগীত হিসেবে গ্রহণ করে বাংলাদেশ টেলিভিশনে ওই বছরেই যাত্রা শুরু হয়, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান নতুন কুঁড়ির। তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন অনুষ্ঠানটি বন্ধ থাকার পর, ২০২৫ সালে ‘নতুন কুঁড়ি-২০২৫’ পুনরায় আয়োজন করা হলেÑ দেশব্যাপী ব্যাপক সাড়া পড়ে এবং শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবার ‘নতুন কুঁড়ি-২০২৬’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতার আবেদন অনলাইনে ও অফলাইনে গ্রহণ করা হবে। এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই চলবে।
বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেওয়ার পর শুধুমাত্র বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়াই করবে। চূড়ান্ত বাছাই (সেরা দশ) ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়া গান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত (দলীয়), রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও কিরাত এই ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১-এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও কিরাত প্রতিযোগিতা একটি মাত্র শাখায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। কিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনালÑ এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।
প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়ির ওয়েব সাইটে ভিজিট করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে।



















