গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্প নিয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইইউজিআইপি প্রকল্পের জিআইসিডি বিভাগের দলনেতা ড. আজহার আলী।
সভা সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্লানার কে.এম. আবুল বাশার, আরবান প্লানার নাজমুস সাদাত, পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, টিএলসিসি ও ডব্লিউএলসিসির সদস্য, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে টেকসই অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, কার্যকর পরিকল্পনা এবং নিয়মিত তদারকি গুরুত্বপূর্ণ।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত ব্যক্তিরা নগর সেবা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। সভায় নগর ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, অবকাঠামো উন্নয়নের বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে বলে মত দেন বক্তারা।
এ ছাড়া নগর সেবা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এবং পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেডের তত্ত্বাবধানে সভাটি অনুষ্ঠিত হয়।























