কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল বারেক প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। ওই দ্বন্দ্বের জের ধরে আজ ভোরে প্রথমে বারেক বাহিনীর লোকজন রবি সরকারের লোকজনের ওপর হামলা চালায়। পরে রবি সরকারের লোকজন পাল্টা হামলা চালাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশের ভাষ্যমতে, এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন। যদিও স্থানীয়ভাবে জানা গেছে, অন্তত ৩০ জন আহত হয়েছে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ভোরে নলচর গ্রামে যুবকদল নেতা রবিউল্লাহ রবি এবং বিএনপি নেতা বারেক প্রধানের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। উভয় পক্ষই ইট, পাথর ও টেঁটা নিক্ষেপ করেছেন। আমরা আহত ১৫ জন পেয়েছি। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিকিৎসা নিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।’


















