শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান শুনে মুগ্ধ হলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও উপস্থিতির খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় কোমলমতি শিক্ষার্থীরা তার সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করে। গান শুনে আবেগাপ্লুত হন ডেপুটি স্পিকার। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা অটোগ্রাফ নিতে ভিড় করে। প্রিয় নেতার অটোগ্রাফ পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
পরে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে নিজস্ব অর্থায়নে বৈদ্যুতিক পাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বড় আকারের সোলার প্যানেল দেওয়ার ঘোষণা দেন ডেপুটি স্পিকার। ঘোষণা শুনে করতালি দিয়ে কৃতজ্ঞতা জানান উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর ও প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।



















