২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তবে বাকি আসামিদের নাম এখনো প্রকাশ করেনি প্রসিকিউশন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত চালায়। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। পরবর্তী সময়ে প্রতিবেদনটি পর্যালোচনা ও যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ পল্লবীর বিভিন্ন এলাকায় ৫০ জনের বেশি নিরস্ত্র ও নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, একটি অভিযোগপত্রেই ওই কয়েক দিনের ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে।
পাশাপাশি ১৯ আসামির প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে অভিযোগের বিস্তারিত বিবরণ সংযুক্ত করা হয়েছে।



















