দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি সোনাগাজী আল-হেলাল একাডেমির সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সোনাগাজী পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। যেকোনো মূল্যে এই ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা।






















