জয়পুরহাটের আক্কেলপুরে রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবন উদ্বোধন ঘিরে অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজারে রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে গ্রাহক, নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তবে উপস্থিত অধিকাংশ মানুষের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।
প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর উপস্থিত অনেকের হাতে একটি করে মিষ্টি তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন কয়েকজন। এদিকে অনুষ্ঠানে খাবার ও মিষ্টি বিতরণ নিয়েও বৈষম্যের অভিযোগ ওঠে। উপস্থিত কয়েকজনের দাবি, অধিকাংশ ব্যক্তিকে শুধু একটি করে মিষ্টি দেওয়া হলেও কিছু ব্যক্তিকে মিষ্টির পাশাপাশি বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এ নিয়ে উপস্থিত মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আপু অনুষ্ঠানে বক্তব্যে বলেন, মানুষকে আমন্ত্রণ জানিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা কোনোভাবেই কাম্য নয়। অনুষ্ঠানে অনেক মা-বোন ও বয়স্ক মানুষ ছিলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় তাদের কষ্ট হয়েছে। এদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও রূপালী ব্যাংক গোপীনাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. মাহবুব আলম অশোভন আচরণ করেছেন বলে কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনসেবামূলক একটি প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, খাবার বিতরণে সমতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা থাকা প্রয়োজন ছিল। তবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে রূপালী ব্যাংক গোপীনাথপুর শাখার ব্যবস্থাপক মো. মাহবুব আলম মুঠোফোনে বলেন, যারা দাঁড়িয়ে ছিলেন, তারা বিদ্যুৎ বিল দিতে এসেছিলেন।
তাদের আমরা আমন্ত্রণ জানাইনি। সিসি ও ডিপোজিট গ্রাহকদের বিরিয়ানি দেওয়া হয়েছে। আর ভাসমান গ্রাহকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসির বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এম.এম.জি. তোফায়েল। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ভবনের উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় নওগাঁ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার দেবব্রত সাহা, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



















