রাজধানীর বনানীতে ধারালো ছোরাসহ মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টায় এক যুবক গ্রেপ্তারের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আলীর নাম। শনিবার ২৬ সেপ্টেম্বর রাতে বনানীর ব্যস্ত সড়কে এক মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টাকালে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আলীর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মোমরেজপুর গ্রামে। পুলিশ তাকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা হিসেবে উল্লেখ করেছে। পুলিশ জানায়, আলীর বিরুদ্ধে বনানী থানায় চুরি এবং গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এর আগে ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলা থেকে সে অব্যাহতি পেয়েছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল আলী। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সে বিপুল অর্থ উপার্জন করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অল্প সময়ের মধ্যে আলীর আর্থিক অবস্থার দৃশ্যমান পরিবর্তন ঘটে।
নিজ এলাকায় কয়েক একর জমি কেনার তথ্যও পাওয়া গেছে। তার সম্পদ বৃদ্ধির বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও গুঞ্জন ছিল। শনিবার রাতে বনানীর ব্যস্ত সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করার সময় তাকে ধাওয়া করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঈশ্বরগঞ্জের মোমরেজপুর গ্রামের বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বনানী থানা পুলিশ জানায়, আলীর সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে।




















