মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামের এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
‎ ‎আটক জাহানারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের সরেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা খাতুনকে প্রায়ই জমদুয়ারা এলাকায় দেখা যেত। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ইদ্রিসের ছেলে ইন্না মিয়ার কাছে নিয়মিত মাদকের চালান সরবরাহ করে আসছিলেন।
শুক্রবার ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে স্থানীয় আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়। ‎ ‎খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আয়শা আক্তার দাবি করেন, গত প্রায় এক মাস ধরে জাহানারা একাধিক দফায় ইন্না মিয়াকে ইয়াবার চালান সরবরাহ করে আসছেন। ‎ ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে এবং তার নিকট থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে।
‎ ‎তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















