তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (STEM) প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) অনুষ্ঠিত হয়েছে WUB STEM Carnival 2026।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। কার্নিভালে দেশের শতাধিক কলেজের এইচএসসি, এ লেভেল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. নুরুল ইসলাম। তাঁর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরীর অডিটোরিয়ামে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর জাকি ইমাম, ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ প্রফেসর ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান।
কার্নিভালে চারটি প্রধান ইভেন্ট অনুষ্ঠিত হয়—Mathematical Olympiad, Science & ICT Olympiad, Quiz Competition এবং Project Showcasing। সকাল ৯টায় রেজিস্ট্রেশন ও রিসেপশনের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজন চলে দিনব্যাপী। বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল ‘Project Showcasing’।
এতে শিক্ষার্থীদের বিভিন্ন দল রোবোটিক্স, টেকসই উন্নয়ন ও প্রকৌশল নকশাসহ নানা ক্ষেত্রে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। দুই থেকে চার সদস্যের দলগুলো নিজেদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বিভিন্ন ধারণাকে বাস্তবসম্মত সমাধানে রূপ দেওয়ার সক্ষমতা তুলে ধরে। আয়োজনে মোট ৩ লাখ টাকা প্রাইজমানি রাখা হয়। বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও প্রদান করা হয় অংশগ্রহণ সনদ। আয়োজকদের মতে, কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বৈজ্ঞানিক ধারণা বিনিময়, সহপাঠীদের কাছ থেকে শেখা, দলগতভাবে কাজ করা এবং নিজেদের উদ্ভাবনী চিন্তা উপস্থাপনের সুযোগ পেয়েছে। পাশাপাশি আয়োজনটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান, দলগত কাজ ও উপস্থাপনা দক্ষতা বিকাশে গুরুত্ব দিয়েছে।
WUB STEM Carnival 2026 তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


















