ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘গবেষণা ও গ্রান্ট রাইটিংয়ে উৎকর্ষ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে গবেষণা ও অনুদান প্রস্তাবনা লেখার দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‘গ্রান্ট রাইটিং টাস্ক ফোর্স’-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’ এবং ‘গবেষণা বিভাগ’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে কৌশল ও উদ্ভাবনবিষয়ক উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা অনুদান প্রাপ্তি ও ব্যবস্থাপনা, প্রতিযোগিতামূলক গবেষণা প্রস্তাবনা তৈরি, অর্থায়নকারী প্রতিষ্ঠানের অগ্রাধিকার ও মূল্যায়ন মানদণ্ডের সঙ্গে প্রস্তাবনার সামঞ্জস্য তৈরি, পর্যালোচকদের প্রত্যাশা বোঝা, দক্ষ ও বহুবিষয়ক গবেষণা দল গঠন, শক্তিশালী গবেষণা পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবসম্মত বাজেট তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়।
গবেষণা বিভাগের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ‘গ্রান্ট রাইটিং টাস্ক ফোর্স’-এর সদস্যরা প্রশিক্ষণার্থীদের কারিগরি সহায়তা প্রদান করেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬২ জন শিক্ষক নিবন্ধন করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা প্রশিক্ষণটি হাতে-কলমে ও অংশগ্রহণমূলক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের আশা, এ ধরনের প্রশিক্ষণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক গবেষণা সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।
পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য অর্থায়ন সংগ্রহে শিক্ষকদের সক্ষমতা বাড়াবে এবং গবেষণার উৎকর্ষ ও বৈশ্বিক প্রভাব বিস্তারে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করবে।



















