নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, সবার আন্তরিক সহযোগিতা পেলে নরসিংদীকে দেশের অন্যতম সুন্দর ও রোল মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মপরিকল্পনা–২০২৬’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভার আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। “সবার আগে দেশ, সকলের চেষ্টায় ডেঙ্গু করব শেষ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় জেলা প্রশাসক বলেন, আগামী এক মাসের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান পরিবর্তন আনতে কাজ করা হবে। এজন্য সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, জেলা প্রশাসনের পরিকল্পনাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. আউয়াল, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. ওবায়দুল কবির মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সজীব শাহরীন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, শহর বিএনপির সভাপতি একেএম গোলামা কবির কামাল, সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন ভূঁইয়া, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো. আলম মোল্লা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. সফিউল্লাহ।



















