কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আসামিদের জামিনের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়া জেলার সাংবাদিকরা। এ সময় পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ সমাবেশ করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে ও জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আসামিদের জামিনের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনার দাবি জানান।
একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবিও তোলেন তারা। কর্মসূচিতে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকরসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা গ্রেপ্তার আসামিদের জামিনের বিষয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট বিচারককে দ্রুত কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে সাংবাদিকদের নিয়ে শহরে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়ার ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।


















