চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং প্রায় ৪০ গজ রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনায় পিকআপ চালক সামান্য আহত হলেও ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার পর ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে কর্মকর্তা রাব্বি খান জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে ট্রেনটি পিকআপের ইঞ্জিনসহ সেটিকে টেনে আনসার ক্যাম্প-মল্লাপাড়া ব্রিজ পর্যন্ত নিয়ে যায়। এ সময় ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ গজ রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় পিকআপ চালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রেনের সব যাত্রী নিরাপদে রয়েছেন। তিনি আরও জানান, উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।



















